হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে মিছিলে হামলায় দুই বিএনপি নেতা নিহতের ঘটনায় ৫১ জনের নামে মামলা

নড়াইল প্রতিনিধি

প্রতীকী ছবি

নড়াইলের কালিয়ায় উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা ও পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীনুর রহমান শাহীন হত্যার ঘটনায় ছয় দিন পর মামলা হয়েছে। মামলায় ৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

নিহত সোহেল রানার ভাই জুয়েল রানা বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কালিয়া থানায় মামলাটি করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গত ১৮ নভেম্বর বিকেলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মোটরসাইকেল নিয়ে কালিয়া উপজেলা সদরে মিছিল বের করেন। মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সন্ধ্যায় বেন্দারচর এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এতে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় সোহেল রানা ও শাহীনুর রহমান শাহীনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।

কালিয়া থানার ওসি ইদ্রিস আলী বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। ঘটনার পর দিশা বিশ্বাস ও রাকিব বিশ্বাস নামের দুজনকে আটক করা হয়েছে।