হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে শিশুকে ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইল প্রতিনিধি 

দন্ডপ্রাপ্ত মো. মেরাজ আলী ওরফে মিরাজ। ছবি: আজকের পত্রিকা

নড়াইলে মাদ্রাসার এক শিশুকে ধর্ষণ মামলায় শিক্ষক মো. মেরাজ আলী মিরাজ (২৬) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ৩ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. মেরাজ আলী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কালিয়া বকরী (রুদ্রপুর) গ্রামের মো. আমানুল্লাহ হকের ছেলে।

সোমবার দুপুর ১২টার দিকে নড়াইল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত মিরাজ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. আজিবুর রহমান আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১১ জুলাই ভোররাতে নড়াইল পৌরসভার রঘুনাথপুর-বাদামতলা জামিয়া রহমানিয়া তাইসিরুল উলুম মাদ্রাসার ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে একই মাদ্রাসার শিক্ষক মো. মেরাজ আলী ধর্ষণ করে। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে ১৩ জুলাই মো. মেরাজকে আসামি করে নড়াইল সদর থানায় মামলাকরেন। পরে পুলিশ এ মামলার একমাত্র আসামি মো. মেরাজ আলীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি মেরাজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন বিচারক।