নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনাকে কেন্দ্র করে বিরোধের জেরে মাদক, চুরি, ডাকাতিসহ ১০ মামলার আসামি আরাফাত মোল্যা (৩৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে নিজ বাড়ির পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আরাফাত দেবদুন গ্রামের মকিদুল মোল্যার ছেলে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আরাফাতের বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে থানায় ১০টি মামলা রয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সোমবার রাত ১২টার দিকে আরাফাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। পরে তারা দেশীয় অস্ত্র দিয়ে আরাফাতকে এলোপাতাড়ি কোপাতে থাকে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীরা তাঁদের ওপরও হামলা চালায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরাফাতকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহতের পরিবারের সদস্য ও স্বজনদের দাবি, জমিজমা-সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আরাফাতকে হত্যা করেছে। তাঁরা মাদকসংক্রান্ত বিরোধের বিষয়টি অস্বীকার করেন।
ওসি মো. হোসেন আলী আরও জানান, আরাফাতের সঙ্গে প্রতিপক্ষের লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পূর্ববিরোধ ও মাদক বেচাকেনাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের লোকজনের হাতে আরাফাত মোল্যা খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।