হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি

নড়াইলের নড়াগাতীতে শিশুকে ধর্ষণের দায়ে আসাদ মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি: সংগৃহীত

নড়াইলের নড়াগাতীতে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে আসাদ মোল্যা (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসাদ মোল্যা নড়াগাতী থানার আমীর মোল্যার ছেলে।

নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. আজিবুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ দুপুর ১২টার দিকে নড়াগাতী এলাকায় বাড়িতে একা পেয়ে তৃতীয় শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণ করেন আসাদ মোল্যা। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে আসাদ পালিয়ে যান।

পরে খবর পেয়ে শিশুটির বাবা-মা বাড়িতে এসে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এরপর তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই দিনই শিশুটির বাবা বাদী হয়ে আসাদ মোল্যাকে আসামি করে নড়াগাতী থানায় মামলা করেন।