নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় একটি মোটরসাইকেলের ধাক্কায় অপর মোটরসাইকেলের আরোহী মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে গোবরা মিত্র কলেজের সামনে গোবরা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুক্তা রানী বিশ্বাস সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের উত্তর খলিশাখালী গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার গণেশ সরকারের স্ত্রী এবং পেশায় রংমিস্ত্রি ছিলেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে মুশুড়িয়া গ্রামের একটি বাড়িতে রং করার কাজে যাচ্ছিলেন মুক্তা রানী। পথে গোবরা বাজারে পৌঁছালে তিনি সহকর্মী নির্মল সর্দারের মোটরসাইকেলে ওঠেন। পরে তাঁরা মুশুড়িয়ার দিকে রওনা হন।
পথে গোবরা মিত্র কলেজের কাছে পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মুক্তা রানী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।