হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে ৮ হাজার ইয়াবাসহ দুই বাস শ্রমিক আটক

নড়াইল প্রতিনিধি

নড়াইলে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বাস শ্রমিককে আটক করা হয়েছে। ছবি: সংগৃহীত

নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বাস শ্রমিককে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুরের দিকে নড়াইল সদর উপজেলার মালিবাগ মোড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামের বাসিন্দা মো. ইয়াকুব সরদার (৪০) এবং তাঁর সহযোগী কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মো. সুজন মোল্যা (৩৩)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোরগামী নড়াইল এক্সপ্রেস পরিবহনে অভিযান চালানো হয়। এ সময় ইয়াকুব সরদারের কাছে থাকা শপিং ব্যাগে রাখা ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করে তাঁকে আটক করা হয়। পরে তাঁর সহযোগী সুজন মোল্যাকেও আটক করা হয়। অভিযানে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক গোলক মজুমদার জানান, আটক দুই বাস শ্রমিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াইল সদর থানায় মামলা করা হয়েছে।