ময়মনসিংহের হালুয়াঘাটে গভীর নলকূপ স্থাপনের পর পাইপের পাশ দিয়ে মাটির নিচ থেকে বুদ্বুদ ওঠার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে ওই স্থান থেকে বের হওয়া গ্যাসে দেশলাই জ্বালিয়ে আগুন জ্বলতে দেখা যায় বলে দাবি স্থানীয়দের। তবে এটি প্রাকৃতিক গ্যাস নাকি মিথেন—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাটি ঘটেছে উপজেলার কৈচাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর দর্শাপাড়া এলাকায়। স্থানীয়রা জানান, দর্শা নদীর পাড়ঘেঁষা দর্শা উত্তরপাড়া জামে মসজিদ ও গোরস্থান প্রাঙ্গণে গত সপ্তাহে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়। নলকূপের পাইপ বসানোর পর থেকেই এর পাশ দিয়ে মাটির নিচ থেকে বুদ্বুদ উঠতে দেখা যায়।
বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হলে স্থানীয়রা বুদ্বুদ ওঠা স্থানে একটি পাইপ বসিয়ে দেশলাই জ্বালিয়ে পরীক্ষা করেন। এ সময় আগুন জ্বলতে দেখা যায় বলে জানান তাঁরা। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে।
স্থানীয় বাসিন্দা শেখ ফরিদ বলেন, নলকূপ স্থাপনের পর থেকেই মাটির নিচ থেকে বুদ্বুদ উঠতে দেখা যায়। পরে পাইপের মাধ্যমে বের হওয়া গ্যাসে আগুন ধরিয়ে পরীক্ষা করা হয়। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
খবর পেয়ে শনিবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সল আহমেদ। এ সময় পুলিশ, উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে স্থানটি নিরাপদ বেষ্টনীর মধ্যে রাখার নির্দেশ দেওয়া হয়।
হালুয়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মানিক মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটির নিচে জৈব পদার্থ জমে মিথেন গ্যাস তৈরি হয়ে থাকতে পারে। তবে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া গ্যাসের ধরন নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
ইউএনও ফয়সল আহমেদ বলেন, ঘটনাটি পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।