ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গরুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মো. তোতা মিয়া (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচর নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বজ্রপাতের বিকট শব্দ ও আতঙ্কে সঙ্গে থাকার আরও দুজন অজ্ঞান হয়ে পড়েন। নিহত তোতা মিয়া ওই গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বিকেলে কৃষক তোতা মিয়া ও তার চাচাতো ভাই আব্দুস সামাদ ও প্রতিবেশী মানিক মিয়া গরুর জন্য মাঠে ঘাস কাটতে যান। হঠাৎ আকাশ চমকিয়ে বজ্রপাতে তোতা মিয়া মাটিতে লুকিয়ে পড়ে। বিকট শব্দে সঙ্গে থাকা দুজন অজ্ঞান হয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে তোতা মিয়া কে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। অজ্ঞান হওয়া আব্দুস ছামাদ (২২) ও মানিক মিয়ার (৩৩) পরে জ্ঞান ফিরে।
স্থানীয় বাসিন্দা আজিজুল খান জানান, তিনজন মিলে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু হয়। দুজন জ্ঞান হারিয়ে ফেললেও পরবর্তীতে জ্ঞান ফিরে আসে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, বিষয়টি কেউ জানায়নি। খোঁজখবর নিয়ে দেখব।