হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে সন্ত্রাসবিরোধী আইনে ৩১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ১১ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০ জনসহ ৩১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩ কর্মীকে গ্রেপ্তার করেছে।

আজ সোমবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠনো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোয়াজ্জেমপুর ইউনিয়নের সৈয়দগাঁও গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে ইউসুফ আলী (৩৬), আক্তার হোসেনের ছেলে মো. বিজয় মিয়া (২২) ও নয়নপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. সাগর মিয়া (১৭)।

পুলিশ জানায়, গতকাল রোববার রাতে নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের নয়নপুর এলাকায় জনৈক হাবুল ইসলামের বাড়ির সামনের সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সদস্যরা নাশকতামূলক কর্মকাণ্ড করার লক্ষ্যে জড়ো হয়ে মিছিল করেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে।

এ ঘটনায় আজ সোমবার নান্দাইল মডেল থানা-পুলিশ তাঁদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করে গ্রেপ্তার ব্যক্তিদের ময়মনসিংহ আদালতে পাঠায়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে।