হোম > সারা দেশ > ময়মনসিংহ

নালিতাবাড়ীতে কম মুনাফায় ওষুধ বিক্রি করায় ফার্মেসিকে জরিমানা ও দোকান বন্ধ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 

পৌর শহরের নালিতাবাড়ী বাজার এলাকায় সততা ড্রাগ হাউস। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের নালিতাবাড়ীতে কম মুনাফায় ওষুধ বিক্রির অভিযোগে ‘সততা ড্রাগ হাউস’ নামে একটি ফার্মেসিকে ১ হাজার টাকা জরিমানা ও ৬ ঘণ্টার জন্য দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। সোমবার (২০ অক্টোবর) বিকেলে পৌর শহরের নালিতাবাড়ী বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

এই ঘটনায় রাতে উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আবু সিনা তাঁর ফেসবুক অ্যাকাউন্টে দোকান বন্ধের ছবি দিয়ে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি লেখেন, ‘সমিতির আইন লঙ্ঘনের দায়ে সততা ড্রাগ হাউসকে ১ হাজার টাকা জরিমানা ও ৬ ঘণ্টা দোকান বন্ধ করে দিল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি।’ পোস্টটি ভাইরাল হলে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

ভুক্তভোগী ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই দিন বিকেলে একজন ক্রেতার কাছে কম মুনাফায় পাইকারি দরে ওষুধ বিক্রি করেন দোকানের মালিক মিজানুর রহমান। পরে বিষয়টি সমিতির নেতাদের কানে গেলে তাঁরা দোকানে এসে জরিমানা করেন ও ৬ ঘণ্টা বন্ধ রাখার নির্দেশ দেন। এ সময় কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন না।

সততা ড্রাগ হাউসের স্বত্বাধিকারী মিজানুর রহমান বলেন, ‘একজন ব্যবসায়ীর কাছে একটু কম দামে ওষুধ বিক্রি করেছিলাম। এ জন্য সমিতি আমার দোকান বন্ধ ও জরিমানা করেছে। অথচ আমিও ওই সমিতির সদস্য।’

এ বিষয়ে উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আবু সিনা বলেন, ‘এটা আমাদের সংগঠনের নিয়ম অনুযায়ী করা হয়েছে। বিস্তারিত জানতে জেলা কমিটির সঙ্গে কথা বলতে পারেন।’

শেরপুরের ঔষধ তত্ত্বাবধায়ক জাহিদুল ইসলাম বলেন, ‘ওষুধ কম বা বেশি দামে বিক্রি করা ব্যবসায়ীর নিজস্ব বিষয়। এ জন্য কোনো সমিতি দোকান বন্ধ বা জরিমানা করতে পারে না। সরকার কোনো সমিতিকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়নি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন, ‘বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদকর্মীদের মাধ্যমে জানতে পেরেছি। যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

দক্ষিণ গফরগাঁওয়ের চিত্র তিন বছরের মধ্যেই বদলে যাবে: এমপি বাচ্চু

দাখিল পরীক্ষায় অকৃতকার্য হওয়ার আশঙ্কায় কিশোরীর আত্মহত্যা

ঈশ্বরগঞ্জে মাদক কারবারির বাড়ি ভাঙচুর করে সাইনবোর্ড টানিয়ে দিল ক্ষুব্ধ এলাকাবাসী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: শিক্ষাছুটি শেষে যোগ দেননি ১৭ শিক্ষক, পাওনা ৬ কোটি

ত্রিশালে উচ্ছেদ অভিযানে ১১৮ শতাংশ খাসজমি উদ্ধার

ময়মনসিংহে গ্যাস-সংকটে অটোরিকশাচালকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

সেই হরিদাস এবার প্রতারণার মামলায় ময়মনসিংহ কারাগারে

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত ৩, আহত ২

ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা, অটোরিকশা ছিনতাই

ময়মনসিংহের ভালুকায় এক দিনে তিন কারখানায় ৪ শ্রমিকের মৃত্যু