হোম > সারা দেশ > ময়মনসিংহ

ত্রিশালে মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি  

ময়মনসিংহের ত্রিশালে মাদক সেবনের দায়ে দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ত্রিশালে মাদক সেবনের দায়ে দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে ত্রিশাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মণ্ডলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ত্রিশাল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মোখলেছুর রহমানের ছেলে আতিকুর রহমান (৩২) এবং পৌর এলাকার সোহান (১৯)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোহানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪ হাজার টাকা অর্থদণ্ড এবং আতিকুর রহমানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন।

মাহবুবুর রহমান বলেন, ‘এলাকাবাসীর সহযোগিতায় তাঁদের আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে তাঁদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।’