ময়মনসিংহের ভালুকায় নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে তৌফিজ উদ্দিন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বিরুনীয়া ইউনিয়নের মনাপাথার এলাকায় নদীতে ডুবে তাঁর মৃত্যু হয়।
নিহত তৌফিজ উদ্দিন উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের দক্ষিণ চাঁনপুর গ্রামের নুর বক্সের ছেলে।
পুলিশ ও পরিবারের লোকজন জানায়, তৌফিজ উদ্দিন কাজের ফাঁকে প্রায় সময়ই বড়শি দিয়ে মাছ ধরতে বিভিন্ন স্থানে যেতেন। আজও মাছ ধরতে উপজেলার বিরুনীয়া ইউনিয়নের মনাপাথারে যান। এ সময় নদী সাঁতরে পার হতে গিয়ে পানিতে তলিয়ে যান তিনি। পরে অন্য মাছশিকারিরা খোঁজ পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ থানায় নিয়ে যায়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, নদীর পানিতে ডুবে মারা যাওয়া তৌফিজের মরদেহ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।