হোম > সারা দেশ > ময়মনসিংহ

ত্রিশালে তিন মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি  

ময়মনসিংহের ত্রিশালে মাদক সেবনের অভিযোগে তিন ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে মাদক সেবনের অভিযোগে তিন ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার সম্মুখ বৈলর গ্রামের মো. কাশেমের ছেলে মো. রিয়াজ (২৩), আমির উদ্দিনের ছেলে আরিফ (২৬) এবং মৃত হাছেন আলীর ছেলে মো. বাবুল হোসেন (৪০)।

গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার বৈলর ইউনিয়নের সম্মুখ বৈলর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে মাদক ও সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। মো. রিয়াজকে এক বছর, আরিফকে ছয় মাস এবং মো. বাবুল হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে এক হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, এলাকাবাসীর সহযোগিতায় তাঁদের আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ অনুযায়ী বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।