হোম > সারা দেশ > ময়মনসিংহ

গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পৌরসভার রাঘাইচটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া ওই এলাকার মো. জাকারিয়ার স্ত্রী। তাঁদের বিয়ে হয়েছিল প্রায় চার বছর আগে। তবে তাঁদের কোনো সন্তান ছিল না।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল রাত ৮টার দিকে স্বামী জাকারিয়ার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন সুমাইয়া। এরপর তিনি পাশের একটি ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। এ সময় বাসায় থাকা তাঁর তিন বোন ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে প্রতিবেশীদের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন তাঁরা।

খবর পেয়ে এক ঘণ্টা পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। তখন সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় সুমাইয়াকে ঝুলতে দেখেন তাঁরা। পরে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

গফরগাঁও থানার পরিদর্শক মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসায় থাকা নিহতের তিন বোনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।