নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা।
আজ রোববার সকালে ফুলবাড়িয়া প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ফুলবাড়িয়া প্রেসক্লাবের সহসভাপতি মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম, সাংবাদিক আল আমিন, হাফিজুল ইসলাম স্বপন ও হেলাল উদ্দিন উজ্জ্বল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির ওই অঞ্চলে মাদক কারবার, সীমান্তে চোরাচালানসহ বিভিন্ন অন্যায় ও অপরাধের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন। এসব অপরাধের বিরুদ্ধে তিনি ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হামলা, মামলা ও নির্যাতনের শিকার হওয়ার ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক।
বক্তারা সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডসহ সাংবাদিকদের ওপর সব ধরনের হামলা ও নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলনজিয়া গ্রামে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়। তিনি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন তিনি।