ময়মনসিংহের নান্দাইলে ফ্যামিলি ও কৃষক কার্ড পাইয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের এক নেতার বিরুদ্ধে।
অভিযুক্ত মো. আবুল কালাম (৫৫) ময়মনসিংহ উত্তর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের সৈয়দগাঁও গ্রামে।
ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় দুই মাস আগে ফ্যামিলি ও কৃষক কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে উপজেলার কালেঙ্গা গ্রামের মো. সাখাওয়াত হোসেনের কাছ থেকে ২ হাজার টাকা নেন আবুল কালাম। এ ছাড়া সাখাওয়াতের চাচি মজিদা খাতুনের কাছ থেকে ৫০০ টাকা এবং পার্শ্ববর্তী শিমুলাটিয়া গ্রামের মো. লতিফ মিয়ার কাছ থেকে ৫ হাজার টাকা নেওয়া হয়। এর পর থেকে আবুল কালাম বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন।
ভুক্তভোগী সাখাওয়াত হোসেন বলেন, কার্ডের বিষয়ে কথা বলতে গেলে আবুল কালাম টালবাহানা করেন। টাকা ফেরত চাইলে আমাদের ভয়ভীতি দেখান ও হুমকি দেন।
আরেক ভুক্তভোগী মো. লতিফ বলেন, আমি গরিব মানুষ। আমাকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কালাম পাঁচ হাজার টাকা নিয়েছেন। এখন কার্ডও দেন না, টাকাও ফেরত দেন না।
তবে এসব অভিযোগ অস্বীকার করে মো. আবুল কালাম বলেন, এসব অভিযোগ মিথ্যা। আমাকে অসম্মান করার জন্য এসব অভিযোগ করা হয়েছে। যাঁরা এসব অভিযোগ করেছেন, তাঁদের বিরুদ্ধে আম আইনি ব্যবস্থা নেব।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানা বলেন, কৃষক কার্ড করতে কোনো টাকা লাগে না। বিষয়টি খোঁজ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।