ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে ১২ বছরের বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার সাব্বির মিয়া নামের এক তরুণের বিরুদ্ধে মামলা করেছেন কিশোরীর নানা। ঘটনার পর থেকে অভিযুক্ত তরুণ পলাতক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার ভুক্তভোগী কিশোরী তার নানার বাড়িতে বেড়াতে যায়। বিকেলে বাড়ির পেছনে গাছের পাতা কুড়াতে গেলে স্থানীয় তরুণ সাব্বির তাকে কৌশলে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
কিশোরীর মামা বলেন, ‘আমার ভাগনি সহজ-সরল ও বুদ্ধিপ্রতিবন্ধী। ঘটনাটি জানার পর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে।’
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে। কিশোরীকে প্রয়োজনীয় পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।