হোম > সারা দেশ > ময়মনসিংহ

হালুয়াঘাটে ১৩ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের হালুয়াঘাটে প্রায় ১১ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের হালুয়াঘাটে প্রায় ১১ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আজ রোববার উপজেলার আমতৈল ইউনিয়নের বাহিরশিমুলসংলগ্ন সিলকা বিলে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায়।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানকালে প্রায় ১১ হাজার মিটার চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ টাকা। এসব নিষিদ্ধ জালের ব্যবহারে জলজ প্রাণী ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায় বলেন, ‘চায়না দুয়ারি জাল দেশীয় মাছ ও জলজ প্রাণীর জন্য অত্যন্ত ক্ষতিকর। জীববৈচিত্র্য রক্ষা ও দেশীয় মাছের প্রজনন নিশ্চিত করতে নিষিদ্ধ এ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু জুলহাস মিয়া, হালুয়াঘাট থানার পুলিশের একটি দল উপস্থিত ছিল।