ময়মনসিংহের ভালুকায় ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে জাহানারা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাচিনা ইউনিয়নের গনকা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগম ওই এলাকার লাল মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নিজ ঘরে ঘুমাতে যান জাহানারা বেগম। রাত সাড়ে ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় তাঁকে সাপে ছোবল দেয়। এতে ঘুম ভেঙে গেলে বিষয়টি তিনি পরিবারের সদস্যদের জানান। তাঁরা উদ্ধার করে প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে অ্যান্টিভেনম দেওয়া হলেও রাতেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাচিনা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য কামাল হোসেন বলেন, রাতে সাপে ছোবল দেওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ জাহানারার মৃত্যু হয়।