হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, শিশুসহ আহত ৭

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যান। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের নান্দাইলে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম (৩৮) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিশুসহ অটোরিকশার সাত যাত্রী গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার ভাটিসাভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নান্দাইল চৌরাস্তা থেকে সাতজন যাত্রী নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। পথে ভাটিসাভার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক রফিকুল ইসলাম নিহত হন।

নিহত রফিকুল ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের ওয়াদ্দেরভিটা গ্রামের এবাদ আলী ফকিরের ছেলে।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলো নান্দাইল পৌরসভার পাছপাড়া মহল্লার মোশারফ হোসেনের ছেলে মোস্তাকিম (৩০), দশালিয়া গ্রামের ইমন মিয়া (২০), গাংগাইল ইউনিয়নের সুরাশ্রম গ্রামের ওয়ালি উল্লাহর স্ত্রী তানিয়া (২৫) ও তাঁর দুই শিশুসন্তান আলভি (৮) ও রৌজা (৩), ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষ্যা ইউনিয়নের রুহুল আমিন (৩২) এবং সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়নাল মিয়ার ছেলে ইব্রাহিম (৩৫)।

স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী বিশাল, সিরাজুল ইসলাম ও হাবি মিয়া বলেন, পিকআপ ভ্যানটির বেপরোয়া গতিতে ওভারটেক করার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তাঁদের মতে, ব্যস্ততম এই মহাসড়কে দুর্ঘটনা কমাতে দ্রুত সড়কটি চার লেনে উন্নীত করা প্রয়োজন।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। পলাতক পিকআপচালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।