হোম > সারা দেশ > ময়মনসিংহ

মক্তবে আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ইউনিয়ন জামায়াত আমিরের বিরুদ্ধে মামলা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের নান্দাইলে আট বছরের এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

অভিযুক্ত ব্যক্তির নাম বেলায়েত হোসেন বেলাল। তিনি শেরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির এবং ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের অধীন সংগ্রামখেলী কোনপাড়া বায়তুল আতিক জামে মসজিদ কেন্দ্রের শিক্ষক।

আজ বৃহস্পতিবার মামলা নথিভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে গতকাল বুধবার রাতে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সকালে সংগ্রামখেলী কোনপাড়া বায়তুল আতিক জামে মসজিদে মক্তবের পড়া শেষে শিশুটিকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চালান শিক্ষক বেলায়েত হোসেন বেলাল। পরে শিশুটি বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত জামায়াত নেতা রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভুক্তভোগী শিশুর বাবা মামলা করেছেন। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।