হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে স্কুলছাত্রীকে ধর্ষণের বিচারের দাবিতে সহপাঠীদের মানববন্ধন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সহপাঠীরা।

আজ সোমবার দুপুর ১২টার দিকে আয়োজিত এ মানববন্ধনে অভিযুক্ত আব্দুল হেলিমের (৫৮) ফাঁসির দাবি জানানো হয়।

এর আগে গত শুক্রবার রাতে ভুক্তভোগীর বাবা তাঁর স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে থানায় মামলা করেন। সেদিন রাতেই অভিযুক্ত আব্দুল হেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন শনিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। একই দিন ভুক্তভোগী ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, মানববন্ধন যে কেউ করতেই পারে। আসামি গ্রেপ্তার হয়েছে। আইন অনুযায়ী তাঁর বিচার হবে।