ময়মনসিংহের নান্দাইলে মসজিদের মাইকে ফ্যামিলি কার্ডের কথা বলে মাইকিং করে মোবাইল ফোন কোম্পানির সিম বিক্রির অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা আমিনুর রহমান নামের একজন সিম বিক্রেতাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। পরে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দিয়েছে পুলিশ।
আজ বুধবার এই ঘটনা ঘটেছে উপজেলার ৫ নম্বর গাংগাইল ইউনিয়নের পণ্ডিতপুর গ্রামে।
স্থানীয়রা জানান, পণ্ডিতপুর গ্রামের আঞ্জু মিয়ার ছেলে রুবেল মিয়ার অনুরোধে স্থানীয় মসজিদের ইমাম মাইকে একটি ঘোষণা দেন। সেই ঘোষণায় এলাকাবাসীর উদ্দেশে বলা হয়, ফ্যামিলি কার্ড পেতে চাইলে বুধবার সকালে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ২০০ টাকাসহ রুবেল দোকানে উপস্থিত হতে হবে। ঘোষণার পর এলাকার শতাধিক অসহায়-দরিদ্র নারী ফ্যামিলি কার্ড পাওয়ার আশায় বুধবার ভোর থেকে রুবেল মিয়ার দোকানে ভিড় করেন।
পরে ফ্যামিলি কার্ডের জন্য আসা এসব নারীকে ২০০ টাকার বিনিময়ে একটি করে গ্রামীণ সিম ধরিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, তাদের সরবরাহ করা এই সিম না নিলে ফ্যামিলি কার্ড পাওয়া যাবে না বলে অসহায় এসব নারীদের বিভ্রান্ত করে চক্রটি।
এভাবে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ক্ষুব্ধ হন। পরে সিম বিক্রেতাকে আটক করে প্রশাসনকে খবর দেয়।
তবে ঘটনার বিষয়ে অভিযুক্ত রুবেল মিয়া মাইকিং করার কথা স্বীকার করলেও ফ্যামিলি কার্ডের কথা বলেননি বলে দাবি করেন। তাঁর ভাষ্যমতে, মসজিদের ইমাম প্রচারের সময় ভুল করেছেন।
অন্যদিকে মসজিদের ইমাম আব্দুল মান্নান জানান, স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে রুবেল মিয়াই তাঁকে ফ্যামিলি কার্ডের কথা ঘোষণা দিতে বলেছিলেন।
খবর পেয়ে নান্দাইল মডেল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আচারগাঁও গ্রামের বাসিন্দা ও সিম বিক্রেতা আমিনুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে। তবে পুলিশ আসার আগেই কৌশলে ঘটনাস্থল ত্যাগ করেন মূল অভিযুক্ত রুবেল মিয়া।
ফিরোজা ও সাবিনা খাতুন ভুক্তভোগী নারী জানান, মাইকিংয়ের ঘোষণা শুনে ফ্যামিলি কার্ড করতে এসে তারা বাধ্য হয়ে ২০০ টাকায় সিম কিনতে বাধ্য হয়েছেন।
এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ জানান, পুরো বিষয়টি তদন্তে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে একজনকে আটক করা হয়েছে। তবে পরবর্তীতে জানা যায় এটি ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে। এ ঘটনায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।