হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 

আহসানুল হক সামি। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আহসানুল হক সামিকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে তাঁকে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতে পৌর সদরের রহমগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আহসানুল হক সামি ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নবগঠিত ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি উপজেলার দত্তপাড়া এলাকার শামসুল হকের ছেলে।

পুলিশ জানায়, বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এই নেতাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সামি ছাত্রলীগের বিভিন্ন মিছিল ও সমাবেশে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। পরে তাঁকে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ছাত্রলীগ নেতা সামিকে গ্রেপ্তার করা হয়েছে।