হোম > সারা দেশ > ময়মনসিংহ

শিক্ষকের মুক্তির দাবিতে মিছিল, দুর্বৃত্তের হামলায় আহত ১০ স্কুলশিক্ষার্থী

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থীদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কুমারুলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালেকুজ্জামান সুজনের মুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছে।

আজ বুধবার সকালে জেলা সদরের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে রয়েছে নবম শ্রেণির শিক্ষার্থী শুভ মিয়া, ইমন মিয়া ও লিটন এবং অষ্টম শ্রেণির মরিয়ম ও মিসকাতুলসহ বেশ কয়েকজন। শিক্ষার্থীদের অভিযোগ, হামলাকারীরা কাউকে লাঠিপেটা করেছে, আবার কয়েকজনের মাথায় আঘাত করা হয়েছে।

এ ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের টানা ছয় দিনের ক্লাস বর্জনের কারণে বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রমও অচল হয়ে পড়েছে।

শিক্ষার্থীরা জানায়, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক খালেকুজ্জামান সুজনের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ তুলে প্রধান শিক্ষক চাঁন মিয়া মামলা করেন। গত শনিবার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এরপর থেকেই শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে শিক্ষকের মুক্তির দাবিতে আন্দোলন করছে। তাঁদের দাবি, শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে মামলা করা হয়েছে।

আজ বুধবার সকালে শিক্ষককে মুক্ত করার দাবিতে শিক্ষার্থীরা মিছিল নিয়ে জেলা সদরের দিকে যাওয়ার সময় লাঠিসোঁটা নিয়ে একদল ব্যক্তি তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ শিক্ষার্থীদের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। তবে উপজেলা প্রশাসনের কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি বলে অভিযোগ করেছে শিক্ষার্থীরা।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাত রোমান বলেন, শিক্ষার্থীদের শান্ত করতে প্রতিদিনই পুলিশ পাঠানো হচ্ছে। বারবার বোঝানোর পরও তাঁরা বিক্ষোভ অব্যাহত রেখেছে। শিক্ষকের জামিনের বিষয়টি আইনি প্রক্রিয়ার ওপর নির্ভরশীল।

শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে ওসি বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।