হোম > সারা দেশ > ময়মনসিংহ

হালুয়াঘাট সীমান্তে শিশুদের দিয়ে ভারতীয় গরু চোরাচালান

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে অভিযান চালিয়ে ৬টি ভারতীয় চোরাই গরু জব্দ করেছে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) একটি দল। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে অভিযান চালিয়ে ৬টি ভারতীয় চোরাই গরু জব্দ করেছে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) একটি দল। আজ সোমবার বিকেলে উপজেলার উত্তর পলাশতলা মোড় এলাকা থেকে এসব গরু জব্দ করা হয়।

এনএসআই সূত্রে জানা যায়, ভারত থেকে অবৈধ পথে সীমান্ত পার করে একদল চোরাকারবারি গরু পাচার করছে—এমন সংবাদে জাতীয় গোয়েন্দা সংস্থার একটি দল হালুয়াঘাটের ভুবনকুড়া এলাকার উত্তর পলাশতলা মোড়ে অভিযান পরিচালনা করে।

এ সময় তারা দেখতে পান, শিশুদের দিয়ে গরুগুলো পার করানো হচ্ছে এবং পেছনে কয়েকজন চোরাকারবারি অবস্থান করছে। তবে এনএসআইয়ের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা গরু থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।