নিষিদ্ধ সংগঠনের আগুন-সন্ত্রাস, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রুখতে গ্রাম পুলিশকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা মোকাবিলায় তৃণমূল পর্যায়ে গ্রাম পুলিশকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আজ শনিবার দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে একটি মহল পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। বিভিন্ন স্থানে আগুন-সন্ত্রাসের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে জনজীবন ব্যাহত করার অপচেষ্টা চালানো হচ্ছে। এ পরিস্থিতিতে তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইয়াসের খান চৌধুরী বলেন, গ্রামের প্রতিটি এলাকায় কারা আসছে-যাচ্ছে এবং কোথাও সন্দেহজনক কর্মকাণ্ড চলছে কি না, সে বিষয়ে গ্রাম পুলিশকে খোঁজখবর রাখতে হবে। সন্দেহজনক কোনো তৎপরতা চোখে পড়লে দ্রুত ইউনিয়ন পরিষদ, থানা পুলিশ ও প্রশাসনকে জানাতে হবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। আগুন-সন্ত্রাসীরা কোনো দলের নয়, তারা দেশ ও জনগণের শত্রু। তাদের অপতৎপরতা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও ঐক্যবদ্ধ থাকতে হবে।
গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার গ্রাম পুলিশের বেতন-ভাতা বৃদ্ধি করেছে। গ্রাম পর্যায়ে মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি জন্মনিবন্ধন কার্যক্রমে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন তিনি।
গুজব ও অপপ্রচার সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, গুজব ছড়ানো থেকে সবাইকে বিরত থাকতে হবে। পাশাপাশি সঠিক তথ্য প্রচারে সচেতন হতে হবে। দেশের উন্নয়ন, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে সভায় উপজেলার ১৩টি ইউনিয়নের ১২১ জন গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।