হোম > সারা দেশ > ময়মনসিংহ

গৌরীপুরে বিএনপি ট্যাগ দিয়ে করা হয়নি রাস্তা, সীমাহীন ভোগান্তি

ময়মনসিংহ প্রতিনিধি

কাদা পথে গাড়ি আটকে যাওয়ায় কয়েকজনে মিলে ধাক্কা দিয়ে তা ওঠানোর চেষ্টা চলছে। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের গৌরীপুরে তিন কিলোমিটার রাস্তা সংস্কার না হওয়ায় সীমাহীন ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার মানুষ। বর্ষাকালে হাঁটু পর্যন্ত কাদা আর শুকনা মৌসুমে ধুলাবালির ভেতর দিয়েই চলাচল করতে হয় তাদের। শুধু যাতায়াতই নয়, অর্থনৈতিক কর্মকাণ্ডও থমকে গেছে।

গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর তিন রাস্তার মোড় থেকে উকুয়াকান্দা পর্যন্ত এই তিন কিলোমিটার রাস্তার বেহাল দশা দীর্ঘ ১৭ বছরেও কাটেনি। এতে বিপাকে পড়েছেন হাসনপুর, কুতুবপুর ও উকুয়াকান্দা গ্রামের মানুষ। সবচেয়ে ভোগান্তিতে আছেন শিক্ষার্থী ও বয়স্করা।

স্থানীয়রা বলছেন, পার্শ্ববর্তী গ্রাম মনাটি থেকে পরপর দুবার নাজিম উদ্দীন আহমেদ সংসদ সদস্য এবং তাঁর ভাই জয়নাল আবেদীন চারবার ইউপি চেয়ারম্যান হলেও এলাকাবাসীর ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি। বরং রাস্তার উন্নয়ন বরাদ্দ লুটপাট করে তিন গ্রামের মানুষকে দেওয়া হয়েছে বিএনপি ট্যাগ।

কুতুবপুর গ্রামের বাসিন্দা সেলিম মিয়া, ‘জন্মের ৩০ বছরেও আমি এই রাস্তার উন্নয়ন হতে দেখিনি। কিন্তু রাস্তাটি উন্নয়ন করা হয়েছে বলে নেতারা কয়েক দফা বিল উত্তোলন করেছে। ৫ আগস্টের পর ভেবেছিলাম প্রশাসন রাস্তাটি করবে, কিন্তু তারাও করেনি।’

মো. মিজান নামে একই গ্রামের বাসিন্দা বলেন, ‘এই এলাকায় সবজি ও ধানের আবাদ হয়। উৎপাদিত রাস্তার বেহাল অবস্থার কারণে বাজারজাত করা যায় না। তাই সবজির প্রকৃত মূল্যও আমরা পাই না। রাস্তাটি মেরামত হলে এলাকার অর্থনৈতিক অবস্থা দারুণভাবে চাঙা হবে।’

একই গ্রামের ষাটোর্ধ্ব সুরুজ আলী বলেন, ‘পাশের গ্রাম থেকে আমরা এমপি এবং চেয়ারম্যান পেয়েছি বারবার, কিন্তু কেউ কাজ করেনি। মরার আগে রাস্তাটি হয়েছে, দেখে মরতে চাই। বর্তমান সরকার আমার জীবনের এই ইচ্ছেটুকু পূরণ করবে—এটাই দাবি করছি।’

আমির উদ্দিন নামে আরেকজন বলেন, ‘কার কাছে কী বলব। গত কয়েক দিন আগে হাসনপুর মোড়ের দিকে কয়েক কোদাল মাটি ফেলে শুনেছি টাকা উত্তোলন করা হয়েছে। ৫ আগস্টের পরেও যদি এমন অরাজকতা হয়, তাহলে কেমনে রাস্তার উন্নয়ন হবে প্রশ্ন জাতির কাছে।’

রাস্তায় ধানের চারা রোপণ করে ক্ষোভের জানান দিয়েছে এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

হাসনপুর গ্রামের এরমান হোসেন বলেন, ‘বিগত সময়ে রাজনৈতিক নেতারা আমাদের বিএনপির ট্যাগ দিয়ে রাস্তার উন্নয়ন করেনি। যার কারণে কমপক্ষে পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষের ভোগান্তি শেষ হচ্ছে না। রাস্তাটির এমন অবস্থা, হাঁটু পর্যন্ত কাদা। এখন মানুষজন রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ করছে; তারপরেও যদি উন্নয়ন না হয় তাহলে আমরা অচিরেই আন্দোলনে যাব।’

বেহাল রাস্তাগুলো সংস্কার ও মেরামতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করা হচ্ছে বলে জানিয়ে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। কোন ইউনিয়নে কতগুলো রাস্তা খারাপ, আমার কাছে তথ্য নেই। তবে আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করলে উন্নয়ন ত্বরান্বিত করতে আমাদের জন্য সুবিধা হয়। রাস্তা মেরামতের লক্ষ্যে আমরা মন্ত্রণালয় বরাবর লিখছি। কাজ সম্পন্ন হলে মানুষের ভোগান্তি লাঘব হবে।’

বালুর ঘাট নিয়ে সংঘর্ষ: সেই ছাত্রদল নেতাকে অব্যাহতি, ২৪ ঘণ্টা পেরোলেও হয়নি মামলা

বিএনপি জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে যুবককে হত্যা, গ্রেপ্তার ৩

বালুর ঘাট দখল নিয়ে ছাত্রদল-এলাকাবাসীর পাল্টাপাল্টি ধাওয়া, মোটরসাইকেলের বহরে অগ্নিসংযোগ

ঈদের ছুটি শেষেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ

ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত

বারবার বল আসায় ক্রিকেট খেলায় বাধা, দোকানিকে পিটিয়ে হত্যা

ঈদের দিন তারাকান্দায় অটোরিকশা–মোটরসাইকেল সংঘর্ষে শিশুসহ নিহত ২

ময়মনসিংহে আড়াই হাজার মাঠ ও মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত