ময়মনসিংহের নান্দাইলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার, দুপুর ১টার দিকে উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামখেলী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নান্দাইল থানার ওসি (তদন্ত) মো. মোজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতরা হলো—সংগ্রামখেলী গ্রামের লাল মিয়ার মেয়ে জান্নাত (২) এবং চর বেতাগৈর ইউনিয়নের আনন্দ বাজার এলাকার রুবেল মিয়ার ছেলে রাফি মিয়া (২)। জান্নাত ও রাফি সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে শিশু রাফি ও জান্নাত বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে তাদের ভাসতে দেখেন। এরপর তাদের মরদেহ উদ্ধার করা হয়।
প্রতিবেশী কামরুল ইসলাম মেম্বার বলেন, ‘দুপুরের দিকে শিশু বাচ্চারা বাড়ির পাশেই খেলছিল। অসাবধানতাবশত পাশের পুকুরে পড়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।’
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।