ময়মনসিংহের নান্দাইলে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মো. বাচ্চু মিয়া (৩৬) ও বন্যা আক্তার (৩৬) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ শনিবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মুশুল্লী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. বাচ্চু মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার নোয়াবাদী উত্তরপাড়া গ্রামে। তিনি ওই এলাকার মৃত আব্দুল বাছির মিয়ার ছেলে। আর বন্যা আক্তার কসবা থানার অনন্তপুর মসজিদপাড়া গ্রামের মৃত আনিস মিয়ার মেয়ে।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নান্দাইল মডেল থানায় ওই দুজনকে আসামি করে একটি নিয়মিত মামলা করেছেন।
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা শাখার সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে।