ময়মনসিংহের নান্দাইলে ৯ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির শিক্ষক মাওলানা আবু সাঈদের বিরুদ্ধে। গতকাল শনিবার নান্দাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চণ্ডীপাশা গোরস্থানসংলগ্ন একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আজ রোববার ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত শিক্ষক আবু সাঈদ পলাতক রয়েছেন। ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রের বাড়ি উপজেলার রাজগাতী ইউনিয়নে।
ভুক্তভোগী ছাত্রের পরিবার জানায়, গতকাল শনিবার রাতে শিশুটির বাবা মাদ্রাসায় গিয়ে ছেলেকে অসুস্থ অবস্থায় শুয়ে থাকতে দেখতে পান। পরে তাকে বাড়িতে নিয়ে যান। রাতে বাড়িতে নিয়ে তার পায়ুপথে রক্তপাত দেখতে পান। জিজ্ঞেস করলে শিশুটি জানায়, শিক্ষক আবু সাঈদ জোরপূর্বক শৌচাগারে নিয়ে তাকে ধর্ষণ করেছেন।
ভুক্তভোগী মাদ্রাসাছাত্র জানায়, মাদ্রাসার শিক্ষক জোর করে শৌচাগারে নিয়ে আমাকে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না বলতে ভয়ভীতি দেখিয়েছেন।
মাদ্রাসাছাত্রের বাবা জানান, আমার ছেলের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা অন্য কোনো শিশুর সঙ্গেও ঘটতে পারে। আমি অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
মাদ্রাসার পরিচালক বিল্লাল হোসেন জানান, বিষয়টি জানার পর দুই পক্ষের লোকজনকে নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে।
অভিযুক্ত শিক্ষক আবু সাঈদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।