হোম > সারা দেশ > ময়মনসিংহ

জন্মদিন উদ্‌যাপন শেষে ফেরার পথে কলেজছাত্র খুন

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি 

নাহিয়ান রবিন। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে জন্মদিন উদ্‌যাপন শেষে বাড়ি ফেরার পথে নাহিয়ান রবিন (২৩) নামের এক কলেজছাত্র খুন হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাজার রোডে তাঁকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় অস্ত্র, ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।

রবিন কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাবা মোফাজ্জল হোসেন গফরগাঁও পৌরসভার শিলাসী গ্রামের বাসিন্দা এবং পেশায় রাজমিস্ত্রি। নিহত রবিন ছাত্রলীগের কর্মী ছিলেন বলে জানান তাঁর স্বজনেরা।

নিহত ছাত্রের বন্ধু মাসুম জানান, গতকাল রাতে রবিনের জন্মদিন উপলক্ষে কয়েকজন বন্ধু মিলে পশু হাসপাতাল রোড বউবাজারে এক দোকানে কেক কেটে উৎসব করেন। জন্মদিনের অনুষ্ঠান শেষে দুই বন্ধু মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মুখোশধারী তিন-চারজন অতর্কিতে চোখের ওপর মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। কিছু বুঝে ওঠার আগে লোহার রড, পাইপ ও চাপাতি দিয়ে আঘাত করলে তাঁরা দুজন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। মাসুম দৌড়ে পালিয়ে যান। এ সময় সন্ত্রাসীরা রবিনকে নৃশংসভাবে মাথা ও বাঁ হাতে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। স্থানীয় বাসিন্দা রবিনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রবিনের চাচা নজরুল ইসলাম বলেন, ‘রবিন আগে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকলেও এখন এসব থেকে দূরে ছিল। পুলিশ ধারণা করছে, এই ঘটনার পেছনে আগের বিরোধ থাকতে পারে।’

রবিনের বাবা মোফাজ্জল হোসেন বলেন, ‘আমার কোনো শত্রু ছিল না। আমরা খেটে খাওয়া মানুষ। ছেলে আগে ছাত্রলীগের মিছিল-মিটিং করত। শুনতে পারছি, আগের বিরোধে এই হামলা হয়েছে। আমার একমাত্র ছেলেকে যারা খুন করেছে, আমি তাদের বিচার চাই।’

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ‘এ ঘটনায় পৌর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে রাজিব নামে একজনকে আটক করা হয়েছে। এ সময় তাঁর বাসা থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০টি গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়।’

টিকা না নেওয়া শিশুরা হামে বেশি আক্রান্ত হচ্ছে

বস্তার তালি ও মই: জান হাতে নিয়ে সেতু পার

ময়মনসিংহ ডিসি অফিসে বিএনপির ২ নেতার হাতাহাতি

নান্দাইলের খারুয়া বাজারে ১৪৪ ধারা প্রত্যাহার, সংঘর্ষের ঘটনায় ৫৭০ জনের বিরুদ্ধে মামলা

বেইলি সেতু ধসে ময়মনসিংহের তারাকান্দা-ধোবাউড়া যোগাযোগ বিচ্ছিন্ন

নান্দাইলের খারুয়া বাজারে সংঘর্ষের পরদিনও ১৪৪ ধারা বহাল, গ্রেপ্তার ১

হালুয়াঘাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

গফরগাঁওয়ে সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য সাকিবুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নান্দাইলে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ফাঁকা গুলি ছুড়ল পুলিশ, ১৪৪ ধারা জারি

ময়মনসিংহে বজ্রপাতে কলেজশিক্ষকের মৃত্যু