হোম > সারা দেশ > ময়মনসিংহ

ধ্বংসের পথে ঐতিহাসিক লোহার কুঠি

ইলিয়াস আহমেদ

ময়মনসিংহ: তখন ব্রিটিশ ঔপনিবেশিক আমল। ১৯২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ময়মনসিংহের রেলস্টেশনে অমাত্যবর্গ ও স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে অপেক্ষা করছেন মুক্তাগাছার জমিদার মহারাজা শশীকান্ত আচার্য চৌধুরী। অপেক্ষা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আগমনের। ঢাকা থেকে আসছেন তিনি। মহারাজা শশীকান্তের আমন্ত্রণে এটিই ছিল কবিগুরুর প্রথম ও একমাত্র ময়মনসিংহ সফর। অপেক্ষার পালা চুকিয়ে অবশেষে এলেন কবি। তাঁকে নিয়ে যাওয়া হলো ময়মনসিংহ শহরে মহারাজা শশীকান্তের বাগানবাড়িতে। আলেক্সান্দ্রা ক্যাসল নামের এই বাগানবাড়িতে তিন দিন ছিলেন কবি। একই বছর আসেন মহাত্মা গান্ধী। লোকে অবশ্য এই দ্বিতল ভবনটিকে চেনে লোহার কুঠি নামে। সে অন্য গল্প। শুধু কবিগুরু নন, এই আলেক্সান্দ্রা ক্যাসল বা লোহার কুঠি কিন্তু বহু বিখ্যাতজনের পদধূলির স্মৃতিধন্য। এর মধ্যে রয়েছেন লর্ড কার্জন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, নেতাজী সুভাষ চন্দ্র বসু, নওয়াব স্যার সলীমুল্লাহ, মৌলভী ওয়াজেদ আলী খান পন্নী, কামাল পাশা প্রমুখ। অথচ এই ঐতিহাসিক গুরুত্ববাহী ভবনটি এখন জরাজীর্ণ দশায় রয়েছে, যা উদ্বিগ্ন করছে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বদের।

এই বিশেষ ভবনটির সঙ্গে জড়িয়ে আছে ঔপনিবেশিক ভারতের ইতিহাস যেমন, তেমনি ময়মনসিংহের ইতিহাসও। আজ থেকে ১৪২ বছর আগে ময়মনসিংহ জেলা প্রতিষ্ঠার শত বছর পূর্তিতে ভবনটি নির্মাণ করা হয়েছিল। ১৮৭৯ সালে ব্রিটেনের তৎকালীন রাজা সপ্তম অ্যাডওয়ার্ডের স্ত্রী রানি আলেক্সান্দ্রার নামে নামকরণ হয় ভবনটির। ভবনটি সম্পর্কে গবেষক ফরিদ আহমদ বলেন, ১৭৮৭ সালে প্রতিষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা। জেলা শহরের জন্য জমি দিয়েছিলেন মুক্তাগাছার জমিদার রঘুনন্দন আচার্য। আর জেলার শতবর্ষ উপলক্ষে মুক্তাগাছার জমিদার মহারাজা সুকান্ত সুর্যকান্ত আচার্য চৌধুরী শহরের জুবিলি উৎসব পালনের জন্য ব্রিটিশ রাজা অ্যাডওয়ার্ডের স্ত্রী রানি আলেক্সান্দ্রার নামে দ্বিতল এ ভবন নির্মাণ করেন। শহরের আদালত পাড়ায় সাড়ে ২৭ একর জমির মধ্যে এই স্থাপনাটি অন্যতম। মহারাজার বাগানবাড়ি হিসেবে ব্যবহৃত হতো মাত্র ৪৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত ভবনটি। ভবনটি তৈরিতে লোহার ব্যবহার বেশি করায় এটি লোহার কুঠি নামে সাধারণ মানুষের মধ্যে পরিচিত। বিভিন্ন কারুকার্য নির্মাণের পর রাজকীয়ভাবে সজ্জিত করা হয়েছিল ভবনটি। কিন্তু এখন এই ঐতিহাসিক ভবন ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।

ফরিদ আহমদ বলেন, `দেশে উন্নয়নের কথা শুনি। কিন্তু একটি দেশের সাংস্কৃতিক বিকাশ ছাড়া কীভাবে উন্নয়ন সম্ভব? ঐতিহ্যকে ধ্বংস করে উন্নয়ন হতে পারে না। আলেকজান্দ্রা ক্যাসলের সীমানায় সরকারি ভবন তৈরি হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভবনটি।'

১৯৪৮ সালে ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ প্রতিষ্ঠিত হয় এই লোহার কুঠি ঘিরে। শুরুতে ভবনটি টিচার্স ট্রেনিং কলেজের শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহার হলেও দীর্ঘদিন ধরে ভবনটি কলেজের গ্রন্থাগার হিসেবে ব্যবহৃত হচ্ছিল। সরেজমিনে দেখা যায়, ভবনটির সামনে দুই দিকে দুটি মূর্তি রয়েছে। কিন্তু সেই মূর্তির হাত ভেঙে পড়ে আছে। ভেঙে গেছে শরীরের বিভিন্ন অংশ। লোহার সংযোগগুলোয় মরিচা ধরেছে। খসে পড়েছে পলেস্তারা। রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটির অবস্থা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। জেলার ঐতিহ্যে জড়িয়ে থাকা ক্যাসলটি রক্ষায় দৃশ্যত কোনো উদ্যোগ নেই। প্রত্নতত্ত্ব অধিদপ্তর পূরাকীর্তি হিসেবে ভবনটিকে ঘোষণা করলেও সংস্কারের কাজ এখনো শুরু করেনি। অরক্ষিত ভবনটির চারপাশে কোনো প্রাচীর নেই। মূল গেটে থাকা সাইনবোর্ডে লেখা—`ভবনের এই স্থানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।' সেখানে থাকা নোটিশে সাধারণ মানুষকে স্থানটিতে অবস্থান না করার অনুরোধ জানানো হয়েছে।

প্রশাসনিক এই অবহেলার বিষয়ে শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উত্তম কুমার মজুমদার বলেন, সরকার এত উন্নয়ন করছে, কিন্তু এখানে কোনো নজর নেই। বিভিন্ন সময় শুনেছি সংস্কারের কাজ শুরু হবে। কিন্তু তা এখনো শুরু হয়নি। কেন হয়নি, কোথায় সমস্যা—তাও জানি না। সাংস্কৃতিক কর্মী হিসেবে আমাদের খুব বেশি চাওয়ার নেই। আমরা চাই আগামী প্রজন্মের মধ্যে ইতিহাস–ঐতিহ্য বেঁচে থাকুক।'

সার্বিক বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ময়মনসিংহ শশী লজ ও জাদুঘরের মাঠ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন আজকের পত্রিকাকে বলেন, `ময়মনসিংহের আলেকজান্দ্রা ক্যাসলসহ ঐতিহ্যবাহী বেশ কয়েকটি স্থাপনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের গ্যাজেটে অন্তর্ভুক্ত হয়েছে। দীর্ঘদিন ধরে ভবনটি টিচার্স ট্রেনিং কলেজের গ্রন্থাগার হিসেবে ব্যবহার হচ্ছিল। ঝুঁকিপূর্ণ হওয়ায় এখন ভবটি তালা দিয়ে রাখা হয়েছে। সেটিকে দর্শনীয় হিসেবে গড়ে তোলার কাজ শুরু করার কথা থাকলেও করোনার জন্য তা হয়নি। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আশা করছি সংশ্লিষ্ট কমিটি সংস্কারকাজ শুরুর উদ্যোগ নেবে।'