ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মুক্তার হোসেনের বাড়ির গেটে বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোর ৪টা ২০ মিনিটের দিকে উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মুক্তার হোসেন জানান, ভোরে পরপর দুটি বিস্ফোরণের শব্দ শুনে ঘর থেকে বের হয়ে বাড়ির গেটের সামনে আগুন জ্বলতে দেখেন তিনি। এ সময় গফরগাঁও-ভালুকা আঞ্চলিক মহাসড়ক দিয়ে দুটি মোটরসাইকেল ও একটি হায়েস মাইক্রোবাস দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, বাড়ির গেটে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায় গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
ঘটনার শব্দ শুনে কাছাকাছি থাকা পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পাশের একটি দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। এ সময় বাড়ির গেটের সামনে থেকে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে থানায় নিয়ে যায় পুলিশ।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সেখ বলেন, ছাত্রদলের সাবেক আহ্বায়কের বাড়ির গেটে বিস্ফোরণ ও অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সেখান থেকে পড়ে থাকা আলামত জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।