হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে ধানবোঝাই ট্রলিতে বাসের ধাক্কা, চাপা পড়ে প্রাণ গেল ব্যবসায়ীর

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 

নিহত মোস্তফা কামাল। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাসের ধাক্কায় ধানবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে মোস্তফা কামাল নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার সরকারি কলেজ-সংলগ্ন গো-হাঁটা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তফা কামাল (৪০) উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের সোবহান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ‘এমকে সুপার’ পরিবহনের একটি বাস গো-হাঁটা মোড়ে ধানবোঝাই একটি ট্রলিতে ধাক্কা দেয়। এতে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে মোস্তফা কামালের ওপর উঠে গেলে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর চালক বাস নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে বাসটি আটক করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঘাতক বাসটি আটক করে থানায় আনা হয়েছে। তবে চালককে আটক করা যায়নি। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।