হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

সিরাজদিখানে আগুনে পুড়ল হার্ডওয়্যারের দোকান

মুন্সিগঞ্জ প্রতিনিধি

আগুনে ক্ষতিগ্রস্ত দোকান। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর বাজারে দোতলা ভবনের নিচতলায় আকস্মিক অগ্নিকাণ্ডে একটি হার্ডওয়্যার দোকান পুড়ে গেছে। রোববার দিনগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে রুবেল নামের এক ব্যবসায়ীর হার্ডওয়্যার দোকান মুহূর্তেই দাউ দাউ করে জ্বলতে থাকে। দোকানে থাকা ফ্যান, পাইপ, ইলেকট্রনিক পণ্য এবং বিভিন্ন হার্ডওয়্যার সামগ্রী সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

সংবাদ পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দোকানমালিক রুবেল বলেন, ‘হঠাৎ রাতে ফোনে খবর পাই আমার দোকানে আগুন লেগেছে। দৌড়ে এসে দেখি দোকানের ভেতরের সব ইলেকট্রনিক জিনিসপত্র, স্যানিটারি মালামাল পুড়ে গেছে। প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। অনেক কষ্ট করে দোকানটা দাঁড় করিয়েছিলাম। এত বড় ক্ষতি কীভাবে সামলাব বুঝতে পারছি না। ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে না আনলে ক্ষতি আরও বেশি হতো।’

সিরাজদিখান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. আরিফ আনোয়ার বলেন, ‘সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দোকানে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

তিনি জানান, এ ঘটনায় দোকানমালিকের প্রায় সাত লাখ টাকার ক্ষতি হতে পারে।

টঙ্গিবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মুন্সিগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-ককটেল উদ্ধার, আটক ৫

ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বৃদ্ধার মৃত্যু

ভোটকেন্দ্র এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় পিকআপের চালক ও সহকারী নিহত

দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

সিরাজদিখানে ঘুড়ি খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী নিহত