হোম > সারা দেশ > মৌলভীবাজার

শ্রীমঙ্গলে টাস্কফোর্সের অভিযান, ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ

মৌলভীবাজার প্রতিনিধি

জব্দ করা মালামাল। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশনে ট্রেনের ভেতরে অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ করেছেন টাস্কফোর্স সদস্যরা।

গতকাল শনিবার বিকেলে এ বিশেষ অভিযান চালানো হয়। আজ রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-৪৬ (বিজিবি)।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ ও অবৈধভাবে আমদানি করা পণ্য পাচার রোধে বিজিবির চলমান অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে শ্রীমঙ্গল ও হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন, র‍্যাব এবং জেলা প্রশাসনের সদস্যরা অংশ নেন।

অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক। এ সময় জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকা দিয়ে ঢাকাগামী বাংলাদেশ রেলওয়ের আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস হয়ে ভারতীয় অবৈধ মালামাল পাচারের তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি), হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি), র‍্যাব ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্সের অভিযানকারী দল রেলস্টেশন এলাকায় তল্লাশি চালিয়ে এসব পণ্য উদ্ধার করে। প্রাথমিকভাবে জব্দ করা এসব মালামালের মূল্য আনুমানিক ৩ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ পণ্য প্রবেশ রোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।