মৌলভীবাজারের রাজনগরে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়ার সময় ৪৫৮ বস্তা ইউরিয়া সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকের চালক মো. কামাল উদ্দিনকে (৩৮) আটক করা হয়েছে।
আজ বুধবার সকালে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের উপজেলার গোবিন্দবাটি এলাকায় হাজী মোবারক ফিলিং স্টেশনের সামনে থেকে সারবোঝাই ট্রাকটি জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাজনগরের মুন্সিবাজার এলাকা থেকে সারগুলো ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পাচারের উদ্দেশে একটি ট্রাকে তোলা হচ্ছে—এমন তথ্য পায় রাজনগর থানা-পুলিশ। এর ভিত্তিতে বুধবার সকালে গোবিন্দবাটি এলাকায় একটি পেট্রোলপাম্পের পাশে অভিযান চালানো হয়। এ সময় ৪৫৮ বস্তা ইউরিয়া সারসহ ট্রাকটি জব্দ এবং চালক কামাল উদ্দিনকে আটক করা হয়।
আটক ট্রাকচালক কামাল উদ্দিন জানান, রাজনগরের মুন্সিবাজার এলাকায় ছোট পিকআপে করে সারগুলো তাঁর ট্রাকে তুলে দেওয়া হয়। তবে এসব সারের মালিক কে, তা তিনি জানেন না। সার নিয়ে তাঁর ময়মনসিংহের নান্দাইল উপজেলায় যাওয়ার কথা ছিল।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, এখনো জব্দ করা সারের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এ ছাড়া সারের কোনো মালিককেও পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিকদার বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা সারের কোনো কাগজপত্র দেখাতে পারেননি। কাগজপত্র যাচাই-বাছাই করে সেগুলো সঠিক প্রমাণিত না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হবে।