হোম > সারা দেশ > মৌলভীবাজার

শ্রীমঙ্গলে বসতঘর থেকে ‘পদ্মগোখরা’ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানের শ্রমিক কলোনির এক বসতঘর থেকে বিষধর ‘পদ্মগোখরা’ উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানের শ্রমিক কলোনির এক বসতঘর থেকে বিষধর ‘পদ্মগোখরা’ উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভুড়ভুড়িয়া চা-বাগানের শ্রমিক কলোনিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুড়ভুড়িয়া চা-বাগানের কলোনির বাসিন্দা সুসেন মুন্ডার ঘরে হঠাৎ একটি সাপ ঢুকে পড়ে। সাপটি দেখে পরিবারের সদস্যরা আতঙ্কে ঘর থেকে বের হয়ে যান। পরে সুসেন মুন্ডা সাংবাদিক রাজেশ ভৌমিককে বিষয়টি জানান। সংবাদ পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সাপটি উদ্ধার করেন।

উদ্ধারকারীরা ঘরের একটি বস্তার নিচ থেকে ফোঁস ফোঁস শব্দ শুনতে পান। বস্তাটি সরাতেই সেখানে বিষধর পদ্মগোখরা সাপটি দেখতে পাওয়া যায়। পরে তারা সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেন।

শ্রীমঙ্গল বন রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা পদ্মগোখরা সাপটিকে বনে অবমুক্ত করা হবে।