হোম > সারা দেশ > মৌলভীবাজার

মৌলভীবাজারের কমলগঞ্জ

হাসপাতালে হামলা, সেবা বন্ধ ৪ দিন

মৌলভীবাজার প্রতিনিধি

কমলগঞ্জে চা বাগানের হাসপাতালে কিশোরী মৃত্যুকে কেন্দ্র করে হামলা ভাঙচুরের পরে নিরাপত্তার অভাবে ৪ দিন ধরে চিকিৎসা কার্যক্রম বন্ধ। ছবি: আজকের পত্রিকা

হামলা ও ভাঙচুরের ঘটনার পর মৌলভীবাজারের কমলগঞ্জে ডানকান ব্রাদার্সের ক্যামেলিয়া হাসপাতাল চার দিন ধরে বন্ধ রয়েছে। এতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন ওই এলাকার চা-শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা।

জানা গেছে, গত শুক্রবার উপজেলার শমশেরনগর চা-বাগানে অবস্থিত হাসপাতালটিতে এক কিশোরীর মৃত্যুর ঘটনার পর হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিক পুলিশি হস্তক্ষেপে দায়িত্বরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা হাসপাতাল ত্যাগ করেন। নিরাপত্তার অভাবে গত শুক্রবার থেকে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা ক্যামেলিয়া হাসপাতালে আসছেন না। ফলে চার দিন ধরে হাসপাতাল বন্ধ রয়েছে। এতে ডানকান ব্রাদার্সের মালিকানাধীন ১৫টি চা-বাগানের লক্ষাধিক চা-শ্রমিক, তাঁদের পরিবার-পরিজন, কর্মকর্তা-কর্মচারীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত রয়েছেন।

শমশেরনগর চা-বাগান একাধিক সূত্রে জানা যায়, এই বাগানের বাবুল রবিদাসের সপ্তম শ্রেণিপড়ুয়া মেয়ে ঐশী রবিদাস মাথায় ব্যথা নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে ক্যামেলিয়া হাসপাতালে ভর্তি হয়েছিল। রাতে তার শারীরিক অবস্থা ভালো না থাকায় হাসপাতালের চিকিৎসক তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তরের সব কার্যক্রম সম্পন্ন করেন। কিন্তু রোগীর স্বজনেরা রাতে তাকে স্থনান্তর করতে রাজি হয়নি। পরদিন শুক্রবার সকালে দেখা যায়, শিশু ঐশী মারা গেছে। এ ঘটনার পর ক্যামেলিয়া হাসপাতালে গিয়ে ভুল চিকিৎসার অভিযোগ করে হামলা চালায় কিছু লোক। তারা হাসপাতালের পরিচালক আনোয়ার হোসেনকে টানাহেঁচড়া করে নাজেহাল করে এবং অন্য ডাক্তারদের মারধর করে বলেও অভিযোগ রয়েছে। এ ছাড়া হাসপাতালের বেশ কিছু সরঞ্জাম ভাঙচুর করে হামলাকারীরা। খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির একটি দল ক্যামেলিয়া হাসপাতালে এসে পরিচালক আনোয়ার হোসেনকে উদ্ধার করে। এ সময় অন্য চিকিৎসক ও কর্মচারীরা দ্রুত হাসপাতাল ত্যাগ করে নিরাপদ আশ্রয়ে চলে যান। এ ঘটনার পর থেকে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল বন্ধ রয়েছে।

শুক্রবার দুপুরের পর থেকে ক্যামেলিয়া হাসপাতালে সেবা বন্ধ হলেও পরদিন শনিবার থেকে সাধারণ চা-শ্রমিকেরা আর চিকিৎসাসেবা গ্রহণ করতে পারছেন না বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নারী চা-শ্রমিক বলেন, চিকিৎসার একটা ভরসা ছিল ক্যামেলিয়া হাসপাতাল। যে অভিযোগ করে এত হাঙ্গামা হলো তা না করে লিখিত অভিযোগ করে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেত।

শমশেরনগর চা-বাগান ব্যবস্থাপক ও ডানকান ব্রাদার্সের উপমহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান বলেন, বিষয়টি ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন কর্তৃপক্ষ ইংল্যান্ড থেকে পর্যবেক্ষণ করেছে। এখন প্রথমে তাঁরা কেন শিশুটি মারা গেল, তা খতিয়ে দেখবে।

এ বিষয়ে জানতে চাইলে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে সমাধানের জন্য গত রোববার বৈঠক হয়েছে। তবে সমাধান হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার চালকসহ নিহত ২

শ্রীমঙ্গলে নিখোঁজের ২ দিন পর কিশোরের লাশ উদ্ধার

জ্বালানি সংকট: চা উৎপাদন ব্যাহতের শঙ্কা

চিকিৎসকের অবহেলায় কিশোরীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে চা-শ্রমিকদের বিক্ষোভ

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

মৌলভীবাজারে ৩টি বাস কাউন্টারকে জরিমানা

লাউয়াছড়ায় পর্যটকের ঢল, আতঙ্কে বন্য প্রাণী

যাত্রীরা টিকিট কিনতে গিয়ে দেখেছেন অব্যবস্থাপনা, চাঁদাবাজি: জামায়াত আমির

মৌলভীবাজারে লাউয়াছড়া সড়কে তীব্র যানজট, ভোগান্তিতে পর্যটকেরা

মাদক ও অবৈধ পণ্য প্রবেশে ঝুঁকিতে মৌলভীবাজার সীমান্ত