মৌলভীবাজারের কমলগঞ্জে শারদীয় পূর্ণিমা তিথিতে মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলার সূচনা হলো রাখাল নৃত্য বা গোষ্ঠলীলার মধ্য দিয়ে। আজ মঙ্গলবার উপজেলার মাধবপুরের শিববাজার জোড়া মণ্ডপ ও আদমপুরের তেতইগাঁওয়ে এই উৎসবের আয়োজন করা হয়। মহারাসলীলা চলবে আগামীকাল বুধবার ভোর পর্যন্ত।
মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের আয়োজনে মাধবপুরের শিববাজার জোড়া মণ্ডপে বিষ্ণুপ্রিয়া মণিপুরিদের ১৮৪তম রাসলীলা অনুষ্ঠিত হচ্ছে। সে সঙ্গে আদমপুরের তেতইগাঁওয়ে মণিপুরি মেইতেই সম্প্রদায়ের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ৪১তম রাস উৎসব।
মাধবপুর ইউনিয়নের শিববাজার জোড়া মণ্ডপে মহারাসলীলা দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এসেছেন। বিদেশি দর্শনার্থীরাও উৎসবে অংশ নিয়েছেন।
ঐতিহ্যবাহী রং-বেরঙের পোশাকের বাহার আর খোল-করতালের ধ্বনিতে উৎসবমুখর হয়ে উঠেছে মণিপুরিপাড়াগুলো। পবিত্র রাস উৎসবকে কেন্দ্র করে প্রতিটি মণিপুরিপল্লিতে যেন বইছে আনন্দের জোয়ার আর সেই আনন্দকে আরও বাড়িয়ে তুলতে এলাকায় বসেছে জমজমাট গ্রামীণ মেলা। এই বিশাল আয়োজন ও জনসমাগমে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এবং সবাই যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উৎসবের আনন্দ উপভোগ করতে পারেন, তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আয়োজকেরা জানান, গোষ্ঠলীলা দিয়ে দুপুরে শুরু হয় মহারাসলীলা। গোধূলি পর্যন্ত চলে এ নৃত্য। গোষ্ঠলীলায় রাখাল সাজে কৃষ্ণের বাল্যকাল উপস্থাপন করা হয়। রাত ১১টায় শুরু হবে মহারাসলীলার নৃত্য বা শ্রী শ্রী কৃষ্ণের মহারাসলীলানুসরণ। ভোর পর্যন্ত চলবে এ রাসনৃত্য। গোপীদের সঙ্গে কৃষ্ণের মধুর লীলা কথা, গান ও সুরে তুলে ধরবেন শিল্পীরা।
মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক চাঁদমুরারী সিংহ স্বপন বলেন, রাস দেখতে সারা দেশ থেকে হাজার হাজার দর্শনার্থী আসেন। এই উৎসবকে ঘিরে মণিপুরি প্রতিটি পরিবারে কয়েক সপ্তাহ আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়।