হোম > সারা দেশ > মৌলভীবাজার

মসজিদে শিরনি বিতরণ নিয়ে বিরোধ, পিটুনিতে আহত বাক্প্রতিবন্ধী যুবক

মৌলভীবাজার প্রতিনিধি

পিটুনিতে আহত বাক্প্রতিবন্ধী যুবক মুনিম আহমদকে হাসপাতালে নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের জুড়ীতে মসজিদে শিরনি বিতরণকে কেন্দ্র করে বিরোধের জেরে মুনিম আহমদ (২৫) নামে এক বাক্প্রতিবন্ধী যুবককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার জুমার নামাজের পর উপজেলার কন্টিনালা কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জুমার নামাজের পর মসজিদে শিরনি বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের ভাই রাশিদ আলী, তাঁর ছেলে আশরাফুলসহ ১০ থেকে ১২ জন মুনিমের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা মুনিমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁর শারীরিক অবস্থার অবনতির আশঙ্কায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আহত মুনিমের মা খেলনা বেগম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার বাক্প্রতিবন্ধী ছেলেকে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দেবেন বলে জানান।

এ বিষয়ে বক্তব্য জানতে কন্টিনালা কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এরশাদ আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) কবির আহমদ বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।