হোম > সারা দেশ > মৌলভীবাজার

বড়লেখা সীমান্তে ২০ নারী-পুরুষকে ঠেলে পাঠানোর চেষ্টা, ঠেকাল বিজিবি

মৌলভীবাজার প্রতিনিধি

বৃহস্পতিবার রাতে বড়লেখার দুর্গম লাতু ও পাল্লাথল সীমান্ত দিয়ে ২০ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ ২০ জনকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বড়লেখা উপজেলার দুর্গম লাতু ও পাল্লাথল সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বড়লেখার দুর্গম পাহাড়ি এলাকা লাতু ও পাল্লাথল সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বৈরী আবহাওয়ার এই সুযোগে সীমান্তের ওপার থেকে তাঁদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা চালানো হয়।

বৃহস্পতিবার রাতে বড়লেখার দুর্গম লাতু ও পাল্লাথল সীমান্ত দিয়ে ২০ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। ছবি: সংগৃহীত

বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান নেন এবং সীমান্ত অতিক্রমের চেষ্টা প্রতিহত করেন। ফলে ওই ২০ জন বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি। শুক্রবার সকাল পর্যন্ত তাঁরা সীমান্তের নো ম্যানস ল্যান্ডের ভারতীয় অংশে অবস্থান করছিলেন।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বলেন, বৈরী আবহাওয়ার সুযোগে লাতু ও পাল্লাথল সীমান্তের পাহাড়ি অঞ্চল দিয়ে ২০ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করেছিল বিএসএফ। তবে বিজিবির নিয়মিত টহল দলের তৎপরতায় সেই চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার পর বড়লেখার সীমান্ত এলাকাগুলোতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে, যাতে কোনোভাবেই অনুপ্রবেশের ঘটনা না ঘটে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি শান্ত ও বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।