হোম > সারা দেশ > মৌলভীবাজার

শ্রীমঙ্গল থেকে সাইবোল্ডস ওয়াটার স্নেক উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি

উদ্ধার হওয়া সাপ। ছবি : আজকের পত্রিকা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’-এর একটি বাচ্চা উদ্ধার করেছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন।

গতকাল বুধবার রাতে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সীমান্তবর্তী কুঞ্জবন গ্রাম থেকে সাপটি উদ্ধার করা হয়।

বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, সাপটির সঠিক পরিচয় শনাক্তের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুল হাসান, মনিরুল খান ও বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে বিশেষজ্ঞদের অনুসন্ধান ও পর্যবেক্ষণের মাধ্যমে সাপটির পরিচয় শনাক্ত করা হয়। এটি সাইবোল্ডস ওয়াটার স্নেক (Siebold’s Water Snake) বলে নিশ্চিত করা হয়েছে।

স্বপন দেব আরও বলেন, সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলেন, সাইবোল্ডস ওয়াটার স্নেক বাংলাদেশে অত্যন্ত দুর্লভ একটি সাপ। পরে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক বলেন, উদ্ধার করা সাপটির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।