হোম > সারা দেশ > মৌলভীবাজার

রাতের আঁধারে সড়কের পাশ থেকে ১৪টি গাছ কেটে নিল দুর্বৃত্তরা

মৌলভীবাজার প্রতিনিধি

ইলেকট্রিক করাত দিয়ে গাছ কাটা হয়েছে বলে ধারণা স্থানীয়দের। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর সড়কের পাশ থেকে বিভিন্ন প্রজাতির ১৪টি বড় গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে কোনো একসময় সড়কের ঘোরামারা এলাকায় এ ঘটনা ঘটে। গাছগুলোর আনুমানিক বাজারমূল্য আড়াই থেকে তিন লাখ টাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোরামারা এলাকায় সড়কের পাশের মূল্যবান গাছগুলো কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। সরেজমিনে ঘটনাস্থলে গাছের গোড়া ও ডালপালা পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয়দের ধারণা, ইলেকট্রিক করাত দিয়ে গাছগুলো কাটা হয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম বলেন, সড়কের ঘোরামারা এলাকার কাছেই রাজকান্দি বন রেঞ্জের কার্যালয় ও সড়কে একটি চেকপোস্ট রয়েছে। এরপরও গাছগুলো কেটে নিয়ে যাওয়ার ঘটনায় প্রশাসনের কোনো তৎপরতা দেখা যায়নি। তাঁর ধারণা, গাছগুলো কাটতে কমপক্ষে তিন থেকে চার ঘণ্টা সময় লেগেছে। পুলিশি টহল থাকার পরও এত বড় গাছগুলো কীভাবে কেটে নিয়ে যাওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, একসঙ্গে এতগুলো গাছ কেটে নিয়ে যাওয়া কোনো বড় সিন্ডিকেটের কাজ হতে পারে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বন বিভাগ, থানা-পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্ধীপ তালুকদার বলেন, গাছ চুরির বিষয়টি তিনি অবগত হয়েছেন। এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলীর সঙ্গে আলোচনা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছুটিতে রয়েছেন। তিনি কর্মস্থলে ফেরার পর এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।