হোম > সারা দেশ > মৌলভীবাজার

ধলাইয়ের পর এবার মনু নদের বাঁধে ভাঙন, মৌলভীবাজারে প্লাবিত হচ্ছে গ্রাম

মৌলভীবাজার প্রতিনিধি

মনু নদের বাঁধ ভেঙে টেংরা ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত। ছবি: আজকের পত্রিকা

অব্যাহত বৃষ্টি ও ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদের পর এবার মনু নদের বাঁধে ভাঙন দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের উজিরপুর এলাকায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। এতে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

স্থানীয় বাসিন্দা রাহিন মিয়া জানান, আজ বিকেলে হঠাৎ করে মনু নদের বাঁধের ৪০ থেকে ৫০ মিটার ভেঙে যায়। ইতিমধ্যে কয়েকটি গ্রামে পানি প্রবেশ করেছে।

এর আগে গতকাল বুধবার রাত ১০টার দিকে কমলগঞ্জের ধলাই নদের সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের মখাবিল এলাকায় নদের প্রতিরক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে উপজেলার ইসলামপুর, আদমপুর ও মাধবপুর ইউনিয়নের মখাবিল, গোলের হাওর, ভান্ডারিগাঁও, গঙ্গানগর, কোনাগাঁও, বেরিগাঁও, শ্রীপুর, পাতারিগাঁও, কালায়েরবিল, আধকানী, ছনগাঁও, বন্দের গাঁও, তেঁতইগাও এবং ভানুবিল ঘোরামারা গ্রাম প্লাবিত হয়। এতে প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

অভিযোগ রয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাধার কারণে মখাবিলে প্রায় ২০০ মিটার এলাকায় ধলাই নদের প্রতিরক্ষা বাঁধ মেরামত করতে পারেনি পাউবো।

আজ বিকেলে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের উজিরপুর এলাকা দিয়ে মনু নদের প্রতিরক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়। এতে টেংরা ইউনিয়নের উজিরপুর, কান্দিরপুল, একামধু, হরিপাশা, গনেশপুর, আকুয়াসহ বেশ কিছু গ্রাম প্লাবিত হয়। ফলে এখানকার প্রায় পাঁচ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে।

এদিকে বন্যার পানির স্রোতে জেলার কমলগঞ্জ, রাজনগর উপজেলাসহ বেশ কিছু এলাকায় কৃষকদের রোপিত আউশখেত ও সবজি খেত মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে কৃষকেরা অভিযোগ তুলেছেন। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে।

পাউবো সূত্রে জানা যায়, জেলার সব নদ-নদীর পানি বেড়েছে। বিপৎসীমার ওপর দিয়ে মনু ও ধলাই নদের পানি প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে মনু ও ধলাই নদের দুটি স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙেছে। কুশিয়ারা ও জুড়ী নদীর পানি বেড়েছে। অব্যাহত বৃষ্টি হলে মনু ও ধলাই নদের কয়েকটি ঝুঁকিপূর্ণ বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।

অতিবর্ষণের কারণে পাহাড়ি ঢল নেমে কমলগঞ্জের মাধবপুর ভায়া শ্রীমঙ্গলে যাতায়াত সড়কে নুরজাহান চা-বাগানের গোয়ালবাড়ি নামের স্থানে একটি কালভার্ট ধসে পড়েছে। আদমপুর-ইসলামপুর সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগব্যবস্থায় বিঘ্ন ঘটে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পানি প্রবেশ করে।

শ্রীমঙ্গলের আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র পর্যবেক্ষক আনিসুর রহমান জানান, গত মঙ্গলবার সকাল ৬টা থেকে গতকাল বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল বিকেল ৬টা পর্যন্ত ৭৯ মিলিমিটার ও আজ সকাল ৬টা পর্যন্ত ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

টেংরা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. সানুর মিয়া বলেন, ‘আমরা চেষ্টা করেছি বাঁধ রক্ষার জন্য। তবে পানি বেড়ে যাওয়ায় তা আর রক্ষা করা যায়নি। কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।’

আউশ ধান ও সবজির ক্ষতির বিষয়ে মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দীন জানান, বৃষ্টিপাতের কারণে ঢল নেমে বন্যার সৃষ্টি হয়েছে। বন্যার পানি থাকায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। পানি নামলে বোঝা যাবে কী পরিমাণ ক্ষতি হয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, টানা বৃষ্টি ও ধলাই নদের ভাঙনে বন্যার সৃষ্টি হয়েছে। তবে আজ বৃষ্টিপাত না হওয়ায় পানি কমতে শুরু করেছে। বন্যাপ্লাবিত এলাকায় শুকনো খাবার দেওয়া হচ্ছে। তা ছাড়া বন্যার বিষয়ে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।

রাজনগরের ইউএনও বিপুল সিকদার বলেন, বিকেলের দিকে উজিরপুর এলাকা দিয়ে মনু নদের ভাঙন দেখা দেয়। কয়েকটি গ্রাম প্লাবিত হচ্ছে। বন্যার্তদের শুকনো খাবার দেওয়া হবে।

এ ব্যাপারে মৌলভীবাজার পাউবোর নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, ‘ধলাই নদের মখাবিল এলাকা ও মনু নদের উজিরপুর এলাকা দিয়ে ভাঙন দেখা দিয়েছে। বিএসএফের বাধার কারণে ধলাই নদের মখাবিলের এই অংশে কাজ করানো সম্ভব হয়নি। আমরা সার্বক্ষণিক নজর রাখছি বন্যা পরিস্থিতি ও নদীগুলোর ওপর। মনু ও ধলাই নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যেসব স্থানে ঝুঁকিপূর্ণ বাঁধ আছে, সেগুলো মেরামতের চেষ্টা চলছে।’

ধলাই নদের বাঁধ ভেঙে কমলগঞ্জে বন্যা, পানিবন্দী ১০ হাজার মানুষ

মৌলভীবাজারে ধলাই নদের ভাঙন, প্লাবিত হচ্ছে গ্রাম

মৌলভীবাজারে বাড়ছে নদীর পানি, বন্যার আশঙ্কা

মৌলভীবাজারে বাথরুম থেকে যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

গৃহবধূর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিতে টাকা দাবি, যুবক গ্রেপ্তার

রাজনগরে স্ত্রীকে হত্যার পর মাটিচাপার অভিযোগ, ২০ দিন পর মরদেহ উদ্ধার

সুপেয় পানির প্রকল্প: বেনামে ঠিকাদার জনস্বাস্থ্যেরই কর্মী কাজ শেষ না করেই লাপাত্তা

ওষুধের তীব্র সংকট, ব্যাহত স্বাস্থ্যসেবা

অপহরণের পর হত্যা, আপন ভাই-বোনসহ গ্রেপ্তার ৫

রাজনগরে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার তালিকা তৈরিতে অনিয়ম, লিখিত অভিযোগ