হোম > সারা দেশ > মৌলভীবাজার

চা-শ্রমিকদের বকেয়া মজুরি, রেশন ও বোনাস দেওয়ার দাবি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  

হবিগঞ্জের চন্ডিছড়া চা বাগান। ফাইল ছবি

বিভিন্ন চা-বাগানের শ্রমিকদের বকেয়া মজুরি, রেশন ও পূর্ণ উৎসব বোনাস দেওয়ার দাবি জানিয়েছেন চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির নেতারা।

কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে সংগঠনের কার্যালয়ে গতকাল রোববার রাতে এক সভায় এই দাবি জানানো হয়। এতে জেলা কমিটির সহসভাপতি শ্যামল অলমিক সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক হরিনারায়ণ হাজরা, সহসাধারণ সম্পাদক সুভাষ গৌড় প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশের চা-শিল্পের ইতিহাসে শ্রমিকেরা বর্তমানে সবচেয়ে কঠিন সময় পার করছেন। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে অনেক বাগানের শ্রমিকেরা কাজ করেও মাসের পর মাস প্রাপ্য মজুরি, রেশন ও উৎসব বোনাস পাচ্ছেন না। বিশেষ করে এনটিসির (ন্যাশনাল টি কোম্পানি) ১২টি বাগান, দেউন্দি টি কোম্পানির চারটি বাগান, বড়জান টি কোম্পানির বাগানসহ বিভিন্ন বাগানের শ্রমিকেরা কাজ করে প্রাপ্য সাপ্তাহিক মজুরি ঠিকমতো পাচ্ছেন না। এ ছাড়া দীর্ঘদিন ধরে জুড়ী উপজেলার ফুলতলা বাগানের শ্রমিকদের মজুরি ও রেশন বন্ধ রয়েছে। বিগত ফাগুয়া (লাল পূজা) উৎসবে বিভিন্ন বাগানের শ্রমিকদের প্রাপ্য বোনাস দেওয়া হয়নি।

বক্তারা অভিযোগ করেন, বর্তমানে চা-শ্রমিকদের দৈনিক ১৭৮.৫০ টাকা মজুরিতে খেয়ে না খেয়ে দিন কাটাতে হয়। গত ২০২৩-২৪ মেয়াদে শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হয়নি। এমনকি ২০২৫-২৬ মেয়াদের তিন মাস অতিবাহিত হলেও মজুরি বৃদ্ধি করা হচ্ছে না। এমন পরিস্থিতিতে শ্রমিকেরা দুঃসহ সময় পার করছেন। শুধু শ্রমিকদের নয়, অনেক বাগানের কর্মচারীদের মাসিক বেতন পরিশোধ করা হচ্ছে না। এমনকি অবসর গ্রহণকারী কর্মচারীরাও আইনানুগ পাওনা পাচ্ছেন না।

সভায় শ্রমিকদের পূর্ণ রেশন ও ভূমির অধিকার দেওয়া, নৈমিত্তিক ছুটি বছরে ১০ দিন কার্যকর, অর্জিত ছুটি দেওয়ার ক্ষেত্রে বৈষম্য দূর এবং গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের দাবি জানানো হয়। সেই সঙ্গে আইন মোতাবেক নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক দেওয়া, ৯০ দিন কাজ করলে শ্রমিকদের স্থায়ী করাসহ অন্যান্য দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানানো হয়।

মৌলভীবাজার: লাউয়াছড়ায় পর্যটকের ভিড়

বড়লেখায় স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৬

মৌলভীবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে অভিযান

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় শিশু নিহত

গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় শিশু নিহত, আহত একই পরিবারের ৩

রাতের আঁধারে সড়কের পাশ থেকে ১৪টি গাছ কেটে নিল দুর্বৃত্তরা

দুর্গাপূজায় বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে চা-শ্রমিকদের ধর্মঘট

মৌলভীবাজারে এলপি গ্যাস বিক্রিতে লাইসেন্স যাচাই, ব্যবসায়ীদের সতর্ক

আশা জাগিয়েও থমকে গেছে কলাবতী শাড়ি, সহযোগিতা চান শিল্পী রাধাবতী

মৌলভীবাজারে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড