হোম > সারা দেশ > মৌলভীবাজার

শখের বসে বাগান করে বাজিমাত শিক্ষকের, ১০০-এর বেশি প্রজাতির গাছ

মৌলভীবাজার প্রতিনিধি

বড়লেখা উপজেলার রেজাউল করিম খন্দকার তাঁর বাগানের আম দেখাচ্ছেন। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা রেজাউল করিম খন্দকার। পেশায় তিনি একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক। তবে শিক্ষকতার পাশাপাশি তিনি গড়ে তুলেছেন এক ব্যতিক্রমী ফলের বাগান, যা তাঁর শখ ও ভালোবাসার এক প্রতিচ্ছবি। প্রায় আট বছর আগে নিজের বাড়ির পাশে মাত্র দুই একর জমিতে বাগান শুরু করলেও এখন তা শতাধিক দেশি-বিদেশি ফলের গাছে সমৃদ্ধ।

২০১৭ সালে তিনি শখের বশে বাড়ির পাশের একটি টিলায় প্রথমে আমগাছ রোপণ করেন। এতে ভালো ফলন পেয়ে তাঁর আগ্রহ আরও বাড়তে থাকে। এরপর একে একে যুক্ত করেন কমলা, মাল্টা, পেয়ারা, জামরুল, ডালিম, ড্রাগন ফল, ত্বিন, স্ট্রবেরিসহ আরও অনেক দেশি-বিদেশি জাতের ফল। তিনি এখন দেশ ও বিদেশ থেকে নতুন নতুন জাতের ফল গাছ এনে লাগাচ্ছেন। তাঁর এই বাগানটি এখন উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের অফিসবাজার এলাকার এক দর্শনীয় স্থান।

সম্প্রতি তাঁর বাগানে গিয়ে দেখা যায়, প্রতিটি গাছে ঝুলছে থোকা থোকা ফল। সব গাছের নিচে ফলের নাম ও জাত লেখা রয়েছে, যা দেখে যে কেউ সহজেই পরিচিত হতে পারে।

রেজাউল করিম জানান, তাঁর বাগানে বর্তমানে ৫০ জাতের আমগাছ, ১০ জাতের কমলা ও মাল্টা এবং ৭ জাতের আঙুরের গাছ রয়েছে। এ ছাড়া রয়েছে আনার, আপেল, পারসিমন, নাশপাতি, ড্রাগন ফল, ত্বিন ফল, ব্ল্যাকবেরি, লুকাট, রামবুটান, সালাক, পেয়ারা, স্ট্রবেরি, জামরুল, কাজুবাদাম, ফিলিপাইন আখ, আতাফল, শরিফা ও পেঁপে।

আমের জাতগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—আলফানসো, আমেরিকান কেন্ট, হিমসাগর, পাকিস্তানি চোষা, সূর্য ডিম, বৈশাখী, হাঁড়িভাঙা, কিউজাই, ব্ল্যাকস্টোন, মহাচনক এবং ব্যানানা ম্যাঙ্গো। কমলার মধ্যে রয়েছে—হানিডিউ, কমলা তারাক্ক, রুপি গ্রেপ, চায়না কমলা, সিলেটি কমলা ও থাই-২। আঙুরের মধ্যে আছে—আঙুর গ্রিল লং, ফ্যান্টাসি, বাইকুলুর, ভিতুবি ব্ল্যাক এবং এবিউ জায়ান্ট। এবার তিনি চার শতক জমিতে বাণিজ্যিকভাবে আঙুর চাষ করেছেন এবং ফলন ভালো হওয়ার আশা করছেন।

আঙুরগাছের পরিচর্যা করছেন রেজাউল করিম। ছবি: আজকের পত্রিকা

বড়লেখা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনোয়ার হোসেন বলেন, ‘রেজাউল করিম একজন শৌখিন এবং উদ্যমী কৃষি উদ্যোক্তা। তাঁর বাগান পরিদর্শন করে আমি তাঁকে বাণিজ্যিকভাবে ফল চাষ সম্প্রসারণের জন্য উৎসাহিত করেছি।’

মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দীন বলেন, ‘আমরা রেজাউলের মতো এমন উদ্যোক্তা খুঁজছি। আমাদের পক্ষ থেকে যতটুকু সাহায্য প্রয়োজন, তা করা হবে।’

গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় শিশু নিহত, আহত একই পরিবারের ৩

রাতের আঁধারে সড়কের পাশ থেকে ১৪টি গাছ কেটে নিল দুর্বৃত্তরা

দুর্গাপূজায় বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে চা-শ্রমিকদের ধর্মঘট

মৌলভীবাজারে এলপি গ্যাস বিক্রিতে লাইসেন্স যাচাই, ব্যবসায়ীদের সতর্ক

আশা জাগিয়েও থমকে গেছে কলাবতী শাড়ি, সহযোগিতা চান শিল্পী রাধাবতী

মৌলভীবাজারে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

কমলগঞ্জে হামের লক্ষণ নিয়ে শিশুর মৃত্যু

বাতাসে পূজার ঘ্রাণ, মণ্ডপগুলোতে শেষ পর্যায়ের প্রস্তুতি

মৌলভীবাজারে ভারতীয় মদসহ দুই যুবককে আটক করে পুলিশে দিল জনতা

মৌলভীবাজারে মেয়ের শ্বশুরবাড়িতে বৃদ্ধ খুন