হোম > সারা দেশ > মৌলভীবাজার

অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক

মৌলভীবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মোগলাবস্তি এলাকায় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল রোববার রাতে বিজিবির নায়েক মো. দুলাল মিয়া সঙ্গীয় বিজিবি সদস্যদের নিয়ে শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের বিদ্যাবিল চা বাগান (মোগলাবস্তি) এলাকায় সীমান্ত পিলার থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় টহল ডিউটি পালনকালে দেখতে পান যে, একজন ভারতীয় নাগরিক দুজন বাংলাদেশি নাগরিকের সহায়তায় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছেন।

এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ভারতীয় নাগরিক মিলান বর্মনকে (৫০) আটক করতে সক্ষম হন। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার আলিপুরদুয়ার থানার সম্বলপুর গ্রামের বাসিন্দা। স্বামীর নাম যতীন্দ্র বর্মন। এ সময় তাঁকে সহায়তাকারী অপর দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি গত ১ বছর পূর্বে সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থান করছিলেন। পরবর্তীতে পলাতক দুই ব্যক্তির সহায়তায় পুনরায় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। আটক ব্যক্তির কাছে বৈধ কোনো পাসপোর্ট ও ভিসা পাওয়া যায়নি। তবে তাঁর নিজ নামীয় ভারতীয় আধার কার্ডের ফটোকপি উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে আটক ব্যক্তি ও পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়।