হোম > সারা দেশ > মৌলভীবাজার

শ্রীমঙ্গলে ফগার মেশিনের স্প্রে, ৫ শিক্ষার্থী অসুস্থ

মৌলভীবাজার প্রতিনিধি

শ্রীমঙ্গলে ফগার মেশিনে স্প্রেতে অসুস্থ শিক্ষার্থীরা চিকিৎসা নেয়। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্লাস চলাকালীন স্কুলের চারপাশে পৌরসভার ফগার মেশিন দিয়ে মশার ওষুধ ছিটানোর পর বিষাক্ত ধোঁয়ায় ৫ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ৩ জন জ্ঞান হারিয়ে ফেলেন এবং তীব্র শ্বাসকষ্টে ভুগছেন।

আজ রোববার দুপুরে শহরের কলেজ রোডস্থ শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিক্ষার্থীদের শহরের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ৩ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গুরুতর অসুস্থ শিক্ষার্থীরা হচ্ছে—দশম শ্রেণির ছাত্রী আতিকা, ফাইজা এবং সপ্তম শ্রেণির ছাত্রী আরিফা। অপর দুই শিক্ষার্থী সপ্তম শ্রেণির ছাত্রী রূপসা আক্তার মাহিয়া ও সাবিকুন্নাহার ব্যাপারী প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

শাহ মোস্তফা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহ আল মনসুর জানান, স্কুল চলাকালীন ওষুধ ছিটানোর বিষয়ে আমাদের আগে থেকে কিছুই জানানো হয়নি। শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে দ্রুত অভিভাবকদের জানিয়ে তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাভীদ বিন রাইয়ান বলেন, মশার ওষুধের বিষাক্ত ধোঁয়া থেকেই ছাত্রীরা মারাত্মক শ্বাসকষ্টে আক্রান্ত হয়। ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

ঘটনার বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, এ বিষয়টি জানা নেই, এখন জানলাম। তবে ভবিষ্যতে যেন সব সময় স্কুল ছুটির পরই ওষুধ স্প্রে করা হয়, তা নিশ্চিত করা হবে। অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।